ডেঙ্গুতে ৫ ও হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৩ হাজার ৬৮৪

ডেঙ্গু ও হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজন এবং হামের উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ হাজার ২১৮ জন এবং হাম ও এর উপসর্গ নিয়ে ১ হাজার ৪৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তি ও নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
ডেঙ্গু পরিস্থিতি
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২১৮ জন।
বিভাগভিত্তিক হিসাবে, ঢাকা বিভাগে ৯৪২ জন, ময়মনসিংহে ১২১, চট্টগ্রামে ২৪০, খুলনায় ২৮৪, রাজশাহীতে ২৪৬, রংপুরে ১১৩, বরিশালে ২৩২ এবং সিলেটে ৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের শুরু থেকে সোমবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ২৬ হাজার ১৬৬ জন। তাঁদের মধ্যে ১ লাখ ১৯ হাজার ৩৯৩ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ৩৮৪ জন। এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৯ জনে।
হাম পরিস্থিতি
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৬ জন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে ৫৫৯ জন, রাজশাহীতে ৩২, সিলেটে ১৫৭, চট্টগ্রামে ৩১১, বরিশালে ১৩৪, ময়মনসিংহে ৮৮, খুলনায় ১২২ এবং রংপুরে ৬৩ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৯৯৯ জন। তাঁদের মধ্যে ১ লাখ ৯০ হাজার ৩৬ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।
একই সময় দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৫২২ জনে। তাঁদের মধ্যে ২৩ হাজার ৪৭৮ জনের হাম শনাক্ত হয়েছে। চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১২৯ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩৩ জনে।