‘তোমরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে’, শিক্ষার্থীদের রাষ্ট্রপতি

আজকের তরুণ প্রজন্মই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তোমাদের মধ্যেই আমরা দেখতে পাই নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন।’
সোমবার (২৬ অক্টোবর) বঙ্গভবন পরিদর্শনে আসা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
সম্প্রতি জারি করা ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা ২০২৬’-এর আওতায় প্রথমবারের মতো এ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বঙ্গভবন পরিদর্শন করেন। অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদের নেতৃত্বে সপ্তম থেকে নবম শ্রেণির নির্বাচিত শিক্ষার্থী ও শিক্ষকরা এতে অংশ নেন।
পরিদর্শনের সময় শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরে দরবার হলে রাষ্ট্রপতির বক্তব্য শোনেন এবং তাঁর সঙ্গে ছবি তোলেন। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় ও অনানুষ্ঠানিক আলাপের সুযোগও পান তাঁরা।
রাষ্ট্রপতি শিক্ষার্থীদের বাবা-মা, শিক্ষক ও গুরুজনদের সম্মান করার পরামর্শ দেন। বাবা-মায়ের আত্মত্যাগের কথা স্মরণ করে নিজেদের সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, এতে পরিবারের স্বপ্ন পূরণের পাশাপাশি জাতির প্রত্যাশাও পূরণ হবে।
বঙ্গভবনকে রাষ্ট্রের প্রতীক ও ইতিহাসের সাক্ষী উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ভবিষ্যতে পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এ ভবন পরিদর্শনের সুযোগ দেওয়া হবে। এর মাধ্যমে রাষ্ট্রের ইতিহাস-ঐতিহ্য ও ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহ বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জন এবং নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বানও জানান রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।