স্বাস্থ্যসেবার মান বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্য প্রশাসনের দক্ষতা বাড়াতে সাভারে নির্মিত ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’ দ্রুত চালুর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। পাশাপাশি প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গভাবে চালু না হওয়া পর্যন্ত মাঠপর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের ব্যবস্থাপনা প্রশিক্ষণের দায়িত্ব জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)-কে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৪ আগস্ট) মহাখালীর নিপসম অডিটোরিয়ামে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতের গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
তিনি বলেন, সরকারের প্রধান লক্ষ্য হলো প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করা এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় কার্যকর স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।
ড. মুহিত জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দেশের স্বাস্থ্যব্যবস্থার মূল ভিত্তি হিসেবে বিবেচনা করছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের সব ৩০ ও ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার চ্যালেঞ্জ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত বিনিয়োগ, দক্ষ জনবল এবং প্রয়োজনীয় সরবরাহ ব্যবস্থার অভাবে স্বাস্থ্যসেবা কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারেনি। এই দুর্বলতা কাটিয়ে তুলতে সরকার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানবসম্পদ উন্নয়নেও গুরুত্ব দিচ্ছে।
নিপসম পরিচালিত গবেষণার প্রশংসা করে তিনি বলেন, মাঠপর্যায়ে প্রতিদিন যে বিপুল তথ্য সংগ্রহ করা হয়, তা বিশ্লেষণ করে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন। এ জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) নিয়ে অনলাইনভিত্তিক প্রশিক্ষণ আয়োজনেরও আহ্বান জানান তিনি।
দেশে গবেষণার মান উন্নয়নে মেডিকেল শিক্ষার্থীদের সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলকভাবে নির্বাচন করে ৩ থেকে ৬ মাসের গবেষণা মেন্টরিং দেওয়া হলে ভবিষ্যতে দক্ষ গবেষক তৈরি হবে এবং স্বাস্থ্য খাতে গবেষণার পরিধিও বাড়বে।
তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে শুধু চিকিৎসক নিয়োগ দিলেই হবে না; প্রশাসনিক দায়িত্বে থাকা চিকিৎসকদের পেশাদার ব্যবস্থাপনা প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। দক্ষ ব্যবস্থাপনা ছাড়া উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়।
অনুষ্ঠানে নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানার সভাপতিত্বে স্বাস্থ্য অধিদপ্তর ও বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।