যক্ষ্মা নিয়ন্ত্রণে বাংলাদেশ-জাপানের যৌথ উদ্যোগ

বাংলাদেশে যক্ষ্মা (টিবি) প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম আরও শক্তিশালী করতে আইসিডিডিআর,বি পরিদর্শন করেছে বাংলাদেশে নিযুক্ত জাপানি দূতাবাসের একটি প্রতিনিধি দল। সফরে টিবি গবেষণা, স্ক্রিনিং কার্যক্রম এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) জাপানি দূতাবাসের প্রথম সচিব (অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা) তোরিনারি তাকেহিরোর নেতৃত্বে প্রতিনিধি দলটি আইসিডিডিআর,বি পরিদর্শন করে। দলে ছিলেন গ্রাস-রুট হিউম্যান সিকিউরিটি প্রজেক্টসের কনসালটেন্ট খান নানামী, টয়োটা সুশো করপোরেশনের প্রধান প্রতিনিধি ইউজি ওয়াগাটা এবং সার্কুলার ইকোনমি অ্যান্ড গ্রিন ইনফ্রাস্ট্রাকচারের ইনচার্জ রাইহান শাফি।
আইসিডিডিআর,বিতে প্রতিনিধি দলকে স্বাগত জানান সংক্রামক ব্যাধি বিভাগের (আইডিডি) জ্যেষ্ঠ বিজ্ঞানী ডা. সায়েরা বানু। তিনি প্রতিষ্ঠানের জনস্বাস্থ্য কার্যক্রম এবং দেশে যক্ষ্মা নিয়ন্ত্রণে পরিচালিত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে ধারণা দেন।
এ সময় ডা. শাহরিয়ার আহমেদ বাংলাদেশের টিবি পরিস্থিতি, আইসিডিডিআর,বির চলমান গবেষণা ও নিয়ন্ত্রণ কার্যক্রম এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন।
সফরের অংশ হিসেবে প্রতিনিধি দল মিরপুরে পরিচালিত একটি পোর্টেবল এক্স-রে টিবি স্ক্রিনিং ক্যাম্প পরিদর্শন করে এবং রোগ শনাক্তকরণ কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করে। পাশাপাশি তারা আইসিডিডিআর,বির ঢাকা হাসপাতাল ও আধুনিক পরীক্ষাগারগুলো ঘুরে দেখেন।
আলোচনায় যক্ষ্মা প্রতিরোধ, গবেষণা, উদ্ভাবন এবং প্রয়োজনীয় সম্পদ সংগ্রহে দুই পক্ষের সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
আইসিডিডিআর,বি জানিয়েছে, জনস্বাস্থ্য খাতে জাপানের সঙ্গে তাদের দীর্ঘদিনের অংশীদারত্ব রয়েছে। জাপানি গবেষক, বিজ্ঞানী ও সহযোগীদের অবদানে এই সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। সংশ্লিষ্টদের আশা, এই সফর ভবিষ্যতে যক্ষ্মা নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য উন্নয়নে দুই দেশের যৌথ উদ্যোগকে আরও এগিয়ে নেবে।