রাতে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে চমক!

বিশ্বকাপ ২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে আজ (বুধবার) দিবাগত রাত ১টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আটলান্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচকে ঘিরে সমর্থকদের আগ্রহ তুঙ্গে। কাতার বিশ্বকাপের পর টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন ধরে রাখতে জয় ছাড়া বিকল্প নেই বর্তমান চ্যাম্পিয়নদের সামনে।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, প্রতিপক্ষের শক্তি ও কৌশল বিবেচনায় রেখে শুরুর একাদশে কিছু পরিবর্তন আনার কথা ভাবছেন তিনি।
স্কালোনি বলেন, “ইংল্যান্ডের মতো প্রতিপক্ষের বিপক্ষে সেরা সমন্বয় নিয়ে খেলতে চাই। তাই একাদশে কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচের আগে জানানো হবে।”
তবে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জয় পাওয়া দলে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা খুব বেশি নেই। তবু মাঝমাঠে একটি পরিবর্তন দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন রদ্রিগো দে পল। সাম্প্রতিক কয়েকটি ম্যাচে তাকে বদলি করা হয়েছে এবং এবারও শুরুর একাদশে তার জায়গা অনিশ্চিত বলে মনে করা হচ্ছে।
দে পল না খেললে তার জায়গায় নিকোলাস গনসালেস কিংবা জুলিয়ানো সিমিওনের মধ্যে একজন সুযোগ পেতে পারেন। নিকোলাস গনসালেস চলতি বিশ্বকাপে বদলি হিসেবে নেমে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করেছেন। অন্যদিকে জুলিয়ানো সিমিওনেও স্কালোনির পরিকল্পনায় রয়েছেন, যদিও জাতীয় দলের হয়ে শুরু থেকে খেলার সুযোগ খুব বেশি পাননি।
রক্ষণভাগেও সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। রাইট-ব্যাক পজিশনে নাহুয়েল মোলিনাই এগিয়ে থাকলেও গঞ্জালো মন্তিয়েলও বিবেচনায় আছেন।
ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
গোলরক্ষক:
এমিলিয়ানো মার্টিনেজ
রক্ষণভাগ:
নাহুয়েল মোলিনা (অথবা গঞ্জালো মন্তিয়েল),
ক্রিস্তিয়ান রোমেরো,
লিসান্দ্রো মার্টিনেজ,
নিকোলাস তাগলিয়াফিকো
মাঝমাঠ:
রদ্রিগো দে পল (অথবা নিকোলাস গনসালেস/জুলিয়ানো সিমিওনে),
লিয়ান্দ্রো পারেদেস,
অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার,
এনজো ফার্নান্দেজ
আক্রমণভাগ:
লিওনেল মেসি,
হুলিয়ান আলভারেজ
এখন দেখার বিষয়, গুরুত্বপূর্ণ এই সেমিফাইনালে স্কালোনি অভিজ্ঞদের ওপর ভরসা রাখেন, নাকি প্রতিপক্ষকে চমকে দিতে একাদশে নতুন কোনো কৌশল প্রয়োগ করেন।