বাংলাদেশে ভুয়া বিয়ের ফাঁদ, মানবপাচারের ঝুঁকির সতর্কতা চীনের

বাংলাদেশে ক্রস-বর্ডার বিয়েকে কেন্দ্র করে প্রতারণার ঘটনা বাড়ার আশঙ্কায় নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে চীন। প্রতারণামূলকভাবে বাংলাদেশে বিয়ে করলে দেশে ফিরে মানবপাচারের অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানিয়েছে দেশটির দূতাবাস।
মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস তাদের অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে কেন্দ্র করে অনলাইন ও বিভিন্ন দালালচক্রের মাধ্যমে সীমান্তপারের বিয়ের প্রস্তাব বাড়ছে। এ ধরনের প্রস্তাবের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
চীনা দূতাবাস জানায়, তথাকথিত অনলাইন ‘ম্যাচমেকিং’ বা বিয়ে-সংক্রান্ত মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের ওপর নির্ভর না করাই নিরাপদ। দূতাবাসের ভাষ্য, অর্থের বিনিময়ে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব অনেক ক্ষেত্রে প্রতারণা ও অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারে।
এছাড়া কেউ যদি প্রতারণার মাধ্যমে বাংলাদেশে এসে বিয়ে করেন, তাহলে চীনে ফিরে তার বিরুদ্ধে মানবপাচার-সংক্রান্ত অভিযোগে তদন্ত বা গ্রেপ্তারের মতো আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
দূতাবাস আরও জানিয়েছে, এ ধরনের প্রতারণামূলক বিয়ের ঘটনায় মানবপাচার, অপহরণ, ভয়ভীতি প্রদর্শন, আইনি জটিলতা ও আর্থিক ক্ষতির ঝুঁকি থাকে। কোনো চীনা নাগরিক এমন প্রতারণার শিকার হলে দ্রুত স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: গ্লোবাল টাইমস