কুয়েত-বাহরাইন লক্ষ্য করে ইরানের হামলা, আশ্রয়ে যেতে নির্দেশ

মধ্যপ্রাচ্যে আবারও সামরিক উত্তেজনা বেড়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর কুয়েত ও বাহরাইনে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাব্য হুমকি মোকাবিলায় দুই দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বুধবার (১৫ জুলাই) ইরানের হামলার পর কুয়েতের সামরিক বাহিনী প্রতিরক্ষামূলক ব্যবস্থা জোরদার করে। একই সঙ্গে দেশটির নাগরিকদের সরকারি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে শান্ত থাকার পাশাপাশি প্রয়োজন হলে নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে।
এর আগে ইরানের কিশ ও কেশম দ্বীপে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালায়। ইরানি সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা জানায়, বাংলাদেশ সময় মঙ্গলবার রাতের দিকে এ হামলার ঘটনা ঘটে। তবে সর্বশেষ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করেনি তেহরান।
বিশ্লেষকদের মতে, কেশম দ্বীপ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালির সবচেয়ে বড় দ্বীপটি ইরানের সামরিক ও নৌ-অভিযানের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। ধারণা করা হয়, সেখানে ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জামের উল্লেখযোগ্য মজুত রয়েছে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে যেকোনো হামলার জবাব অতীতের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তভাবে দেওয়া হবে।
দক্ষিণ ইসরায়েলের ডিমোনা শহরে এক অনুষ্ঠানে তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে আঘাত এলে তার জবাব হবে কঠোর ও ব্যাপক।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানের পর ইরানকে ঘিরে উত্তেজনা নতুন মাত্রা পায়। সাম্প্রতিক সময়ে মার্কিন বাহিনীর ধারাবাহিক হামলার প্রতিক্রিয়ায় পারস্য উপসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। এতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
সূত্র: আল জাজিরা