এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি নেতা নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকা এই নেতার সঙ্গে আপাতত সাক্ষাৎ না করার অনুরোধ জানানো হয়েছে।
বুধবার (১ জুলাই) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নজরুল ইসলাম খান গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। পরবর্তীতে ৩০ জুন তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার সকালে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন। এ সময় বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও উপস্থিত ছিলেন।
শায়রুল কবির খান বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নজরুল ইসলাম খানের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে আপাতত কোনো সাক্ষাৎপ্রার্থীকে তার সঙ্গে দেখা না করার অনুরোধ জানানো হয়েছে।