বুধবার, ০১ জুলাই ২০২৬
Natun Kagoj

পূর্বাচল হবে নিরাপদ আধুনিক নগর, জানালেন আইজিপি

পূর্বাচল হবে নিরাপদ আধুনিক নগর, জানালেন আইজিপি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর সম্প্রসারিত নগর পরিকল্পনার অংশ হিসেবে পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইন-শৃঙ্খলা জোরদারে বড় পরিসরের পুলিশ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় পূর্বাচলে ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম এগিয়ে চলছে।

বুধবার (১ জুলাই) রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।

আইজিপি বলেন, বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধনের মাধ্যমে পূর্বাচলে পুলিশের কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। পরিকল্পিত ও নিরাপদ নগর হিসেবে পূর্বাচলকে গড়ে তুলতে এই ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতোমধ্যে সরকার সেখানে থানা, তদন্ত কেন্দ্র ও পুলিশ লাইনস স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কাজও ধাপে ধাপে এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি জানান, পূর্বাচলের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদনের পর রাজউক বাংলাদেশ পুলিশের অনুকূলে ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির নিবন্ধন সম্পন্ন হয়েছে, বাকি জমির রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলমান।

মো. আলী হোসেন ফকির আরও বলেন, ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে একটি পৃথক পুলিশ বিভাগ গঠন করা হবে। একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে ওই বিভাগের আইন-শৃঙ্খলা কার্যক্রম পরিচালিত হবে। এ লক্ষ্যে প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল সৃষ্টির প্রস্তাবও বিবেচনায় রয়েছে।

তিনি বলেন, পূর্বাচলে পুলিশের উপস্থিতি বাড়লে আবাসিক প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি নাগরিকদের আস্থা বৃদ্ধি পাবে এবং নগর উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। প্রাথমিক পর্যায়ে দুটি পুলিশ ক্যাম্প স্থাপনের পরিকল্পনার মধ্যে বরকাউ ক্যাম্পের উদ্বোধন হয়েছে। অপর ক্যাম্পের নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী দুই মাসের মধ্যে সেটিও চালু করা হবে।

আইজিপির ভাষ্য, পূর্বাচল নতুন শহর প্রকল্প ভবিষ্যতে রাজধানীর গুরুত্বপূর্ণ নগরকেন্দ্র হিসেবে গড়ে উঠবে। সেই লক্ষ্য বাস্তবায়নে আধুনিক ও কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব অবকাঠামো পর্যায়ক্রমে স্থাপন করা হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন