বুধবার, ০১ জুলাই ২০২৬
Natun Kagoj

রূপগঞ্জ-কালীগঞ্জ ছাড়িয়ে পূর্বাচল এখন ঢাকা জেলার অধীনে

রূপগঞ্জ-কালীগঞ্জ ছাড়িয়ে পূর্বাচল এখন ঢাকা জেলার অধীনে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা প্রশাসনিকভাবে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় সংশ্লিষ্ট প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১ জুলাই) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত নিকারের ১২১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে মোট ছয়টি প্রস্তাব উপস্থাপন করা হলে তার মধ্যে পাঁচটি অনুমোদন পায়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পের একাংশ বর্তমানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এবং অন্য অংশ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবস্থিত। ফলে তিন জেলার মধ্যে বিভক্ত অবস্থানের কারণে দীর্ঘদিন ধরে প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় নানা জটিলতা দেখা দিচ্ছিল।

এই জটিলতা দূর করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পুরো প্রকল্প এলাকা ঢাকা জেলার আওতায় আনার প্রস্তাব দেয়। নিকার সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে।

একই সভায় চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে নতুন ‘হালদা থানা’ গঠনের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

এদিকে, সড়ক ও জনপথ অধিদপ্তরের পুনর্গঠনের অংশ হিসেবে বগুড়ায় একটি পৃথক সড়ক জোন গঠনের প্রস্তাবও সভায় উপস্থাপন করা হয়। তবে এটি নিকারের এখতিয়ারভুক্ত নয় উল্লেখ করে প্রস্তাবটি প্রত্যাহার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জের সড়ক বিভাগ নিয়ে নতুন জোন গঠনের বিষয়টি প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ পরবর্তী সময়ে বিবেচনা করবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন