সাইবার নিরাপত্তাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

ডিজিটাল যুগে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, বর্তমান বাস্তবতায় শুধু সীমান্ত পাহারা দিলেই নিরাপত্তা নিশ্চিত হয় না; তথ্য ও সাইবার নিরাপত্তাও সমান গুরুত্বপূর্ণ।
বুধবার (১ জুলাই) রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বাহিনীর নিজস্ব অনলাইন প্ল্যাটফর্ম ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আধুনিক বিশ্বে যুদ্ধ, প্রতিরক্ষা ও নিরাপত্তার ধারণা অনেক বিস্তৃত হয়েছে। তথ্যপ্রযুক্তিনির্ভর এই সময়ে সঠিক তথ্য ব্যবস্থাপনা এবং সাইবার নিরাপত্তা জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। এ লক্ষ্যে সরকারের তথ্য ব্যবস্থাপনা উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, গুজব ও ভুয়া তথ্যের বিস্তার রোধ করা এখন সময়ের দাবি। নির্ভরযোগ্য তথ্য প্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্তি থেকে রক্ষা করতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন অনলাইন প্ল্যাটফর্ম ‘প্রান্তিক কণ্ঠস্বর’ সঠিক ও দায়িত্বশীল তথ্য প্রচারের মাধ্যমে জনসচেতনতা বাড়াতে এবং গুজব প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।