তৃণমূলে মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছাতে কর্মপরিকল্পনা নির্ধারণ

দেশে মানসিক স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও কার্যকর করতে এবং আত্মহত্যা প্রতিরোধ কার্যক্রম জোরদারের লক্ষ্যে একটি জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালার প্রতিপাদ্য ছিল ‘সমন্বিত মানসিক স্বাস্থ্যসেবা এগিয়ে নিতে: নীতি থেকে বাস্তবায়নের কৌশল’।
কর্মশালায় সরকারের বিভিন্ন পর্যায়ের নীতিনির্ধারক, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং দেশের বিভিন্ন জেলার সিভিল সার্জনরা অংশ নেন। তারা দেশের মানসিক স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সেবার পরিধি বাড়ানোর উপায় নিয়ে মতবিনিময় করেন।
আলোচনায় জেলা পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা বাস্তবায়নের অভিজ্ঞতা ও প্রতিবন্ধকতা তুলে ধরেন সিভিল সার্জনরা। পাশাপাশি সেবাদান ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে নতুন কৌশল এবং উদ্ভাবনী উদ্যোগ নিয়েও আলোচনা হয়।
এছাড়া প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার মাধ্যমে তৃণমূল পর্যায়ের মানুষের কাছে মানসম্মত মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মানসিক স্বাস্থ্যকে সমান গুরুত্ব দিতে হবে। প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থার সঙ্গে মানসিক স্বাস্থ্যসেবা সমন্বয় করা গেলে দেশের সব শ্রেণির মানুষের জন্য এ সেবা আরও সহজলভ্য হবে এবং আত্মহত্যা প্রতিরোধেও ইতিবাচক ভূমিকা রাখবে।