জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই খুলবে: নাহিদ ইসলাম

আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জাদুঘর চালু না হলে জনগণ নিজেরাই সেটি খুলে প্রবেশ করবে।
বুধবার (১ জুলাই) রাজধানীর রায়েরবাজারে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই হত্যাকাণ্ড-সংক্রান্ত মামলাগুলোর তদন্ত ও বিচার প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না। বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করার পাশাপাশি ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান তিনি। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আইনের আওতায় এনে রায় কার্যকরের আহ্বানও জানান।
হাসানুল হক ইনুর প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, শেখ হাসিনার ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী হিসেবে তার বিরুদ্ধে আরও কঠোর শাস্তি হওয়া উচিত। তিনি এ বিষয়ে আপিলের মাধ্যমে কঠোর দণ্ড প্রত্যাশার কথাও উল্লেখ করেন।
সরকারের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান স্মরণ করলেই হবে না; গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে জুলাই সনদ কার্যকর, গণভোটের রায় বাস্তবায়ন এবং রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী সামনে থাকলেও সরকার এখনো আনুষ্ঠানিক কোনো কর্মসূচি ঘোষণা করেনি। দ্রুত এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।