বুধবার, ০১ জুলাই ২০২৬
Natun Kagoj

গাঢ় নীল-খাকি ইউনিফর্মে পুলিশের নতুন যাত্রা শুরু

গাঢ় নীল-খাকি ইউনিফর্মে পুলিশের নতুন যাত্রা শুরু
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ পুলিশের সদস্যরা বুধবার (১ জুলাই) থেকে নতুন ইউনিফর্ম পরে দায়িত্ব পালন শুরু করেছেন। নতুন পোশাকে গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্টের সঙ্গে খাকি রঙের প্যান্ট যুক্ত করা হয়েছে। তবে সব সদস্য এখনও নতুন ইউনিফর্ম না পেলেও পর্যায়ক্রমে সবার কাছে তা পৌঁছে দেওয়া হবে।

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে নতুন ইউনিফর্মে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। অনুষ্ঠানে আইজিপিকে গাঢ় নীল শার্ট এবং ডিএমপি কমিশনারকে হালকা জলপাই রঙের শার্টে দেখা যায়। দুজনেরই প্যান্ট ছিল খাকি রঙের।

মাঠপর্যায়ের কয়েকজন পুলিশ সদস্য জানান, নতুন পোশাক তাদের কাছে স্বস্তিদায়ক ও পেশাগত পরিচয়ের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে। আগের ইউনিফর্মের তুলনায় বর্তমান নকশা ও রঙ নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, আজ থেকেই যেসব সদস্য নতুন ইউনিফর্ম পেয়েছেন তারা তা পরে দায়িত্ব পালন করছেন। ধাপে ধাপে সব সদস্যের কাছেই নতুন পোশাক পৌঁছে দেওয়া হবে।

এর আগে গত ১৮ জুন পুলিশ সদর দপ্তর ইউনিফর্মের রঙ ও নকশা পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করে। নতুন নির্দেশনায় শার্ট ও প্যান্টের পাশাপাশি জার্সি, কার্ডিগান, পুলওভার, জ্যাকেট, নারী সদস্যদের পোশাক এবং মাথার আবরণের রঙেও পরিবর্তন আনা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা পুলিশ এবং এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‍্যাব ছাড়া অন্যান্য ইউনিটের সদস্যদের ট্রাউজার হবে খাকি রঙের টিসি টুইল কাপড়ের এবং শার্ট হবে গাঢ় নীল টিসি প্লেইন ফেব্রিকের। শার্টের সামনে চারটি পকেট ও সাতটি বোতাম থাকবে।

নারী পুলিশ সদস্যদের জন্যও নতুন নির্দেশনায় পোশাকের বিকল্প রাখা হয়েছে। তারা চাইলে গাঢ় নীল শাড়ি পরতে পারবেন। মহানগর পুলিশে কর্মরতদের জন্য গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ এবং অন্যান্য ইউনিটে গাঢ় নীল ব্লাউজ নির্ধারণ করা হয়েছে। এছাড়া অনুমোদিত গাঢ় নীল রঙের মাথার আবরণ ব্যবহারের সুযোগও রাখা হয়েছে।

মৌসুমভেদে ইউনিফর্ম ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়েছে। গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট পরার বিধান রাখা হয়েছে।

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশের সংস্কারের অংশ হিসেবে ইউনিফর্ম পরিবর্তনের দাবি ওঠে। সেই প্রেক্ষাপটে প্রথমে লোহা-ধূসর রঙের ইউনিফর্ম চালু করা হলেও তা নিয়ে বাহিনীর ভেতরে ও বাইরে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। পরে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আবারও গাঢ় নীল ও খাকি রঙের সমন্বয়ে বর্তমান ইউনিফর্ম চালু করা হলো।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন