বুধবার, ০১ জুলাই ২০২৬
Natun Kagoj

সঞ্চয়পত্রে মুনাফা কমছে না, বহাল থাকছে আগের হার

সঞ্চয়পত্রে মুনাফা কমছে না, বহাল থাকছে আগের হার
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত বিভিন্ন সঞ্চয়পত্রের মুনাফার হার আগামী ছয় মাসের জন্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনিয়োগকারীরা আগের হারেই মুনাফা পাবেন।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সঞ্চয়পত্রের মুনাফার হার সাধারণত বছরে দুইবার—জানুয়ারি-জুন এবং জুলাই-ডিসেম্বর মেয়াদের জন্য পুনর্নির্ধারণ করা হয়। তবে চলতি বছরের দ্বিতীয়ার্ধে নতুন কোনো হার নির্ধারণ না করে ২০২৫ সালের ১ জুলাই থেকে কার্যকর বিদ্যমান হারই বহাল রাখা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি বছরের শুরুতে পাঁচটি সঞ্চয় কর্মসূচির মুনাফার হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হলেও কয়েক দিনের মধ্যে তা প্রত্যাহার করা হয়। এবারও মুনাফার হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়ায় বিনিয়োগকারীরা স্বস্তি পেয়েছেন।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সহকারী সচিব মোহাম্মদ মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন করে মুনাফার হার নির্ধারণ করা হয়নি। আগের হারই বহাল থাকবে।

বর্তমান ব্যবস্থায় সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে। একটি শ্রেণিতে রয়েছেন ৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগকারী এবং অন্য শ্রেণিতে ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগকারী। বিনিয়োগের পরিমাণ অনুযায়ী উভয় শ্রেণির জন্য মুনাফার হারে সামান্য পার্থক্য রয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র এবং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট—সব ক্ষেত্রেই আগের মুনাফার হার বহাল থাকবে।

বর্তমান হারে বিভিন্ন সঞ্চয়পত্রে মেয়াদ ও বিনিয়োগের ধরন অনুযায়ী সর্বোচ্চ মুনাফা ১১ দশমিক ৮২ শতাংশ থেকে ১১ দশমিক ৯৮ শতাংশ পর্যন্ত পাওয়া যাবে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বিদ্যমান মুনাফার হার বহাল থাকায় নতুন ও পুরোনো—উভয় ধরনের বিনিয়োগকারীরাই আগের নিয়ম অনুযায়ী সুবিধা পাবেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন