বাংলাদেশ-ভারত সিরিজের পথে এক ধাপ এগোল বিসিবি

বাংলাদেশ ও ভারতের মধ্যকার স্থগিত দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সম্ভাবনা আবারও জোরালো হয়েছে। সিরিজটির সম্প্রচার স্বত্ব বিক্রির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে দরপত্র আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যা সিরিজটি নির্ধারিত সূচি অনুযায়ী আয়োজনের ইঙ্গিত দিচ্ছে।
ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতির কারণে সিরিজটি অনিশ্চয়তায় পড়লেও বিসিবির সাম্প্রতিক উদ্যোগে তা বাস্তবায়নের আশা তৈরি হয়েছে।
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, বিসিবি ২০২৬ ও ২০২৭ সালের কয়েকটি আন্তর্জাতিক হোম সিরিজের বৈশ্বিক সম্প্রচার ও ডিজিটাল মিডিয়া স্বত্ব বিক্রির জন্য টেলিভিশন সম্প্রচারক, ডিজিটাল প্ল্যাটফর্ম, মার্কেটিং প্রতিষ্ঠান এবং কনসোর্টিয়ামের কাছ থেকে আগ্রহপত্র ও আর্থিক প্রস্তাব চেয়েছে। ওই তালিকায় ভারতের বাংলাদেশ সফরও অন্তর্ভুক্ত রয়েছে।
ভারত সিরিজের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট, ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট এবং পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজও একই দরপত্রের আওতায় রাখা হয়েছে।
বিসিবির সূচি অনুযায়ী, ২ জুলাই থেকে আগ্রহী প্রতিষ্ঠানগুলো দরপত্র-সংক্রান্ত নথি সংগ্রহ করতে পারবে। আর প্রস্তাব জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২২ জুলাই।