এইচএসসি পরীক্ষার সব কেন্দ্র থাকবে ঢাকার নজরদারিতে: শিক্ষামন্ত্রী

আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে দেশের সব পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারির ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশের ২ হাজার ৬৯৭টি পরীক্ষাকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ শিক্ষা মন্ত্রণালয়ের কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে পর্যবেক্ষণ করা হবে। ফলে ঢাকায় বসেই দেশের যেকোনো কেন্দ্রের পরিস্থিতি তাৎক্ষণিকভাবে নজরদারি করা সম্ভব হবে।
শিক্ষামন্ত্রী বলেন, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া প্রতিটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের বডি-ওর্ন ক্যামেরা দেওয়া হয়েছে, যাতে পরীক্ষাকেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা যায়।
তিনি আরও জানান, মোট ৭৭টি বিষয়ের পরীক্ষা ২১ কার্যদিবসে অনুষ্ঠিত হবে। যেসব দিনে পরীক্ষা থাকবে না, সেসব দিনে শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম চলবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, মাদরাসা বোর্ডে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন অংশ নিচ্ছেন।
এ বছর পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি এবং পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ২ হাজার ৬৯৭টি। সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।