বুধবার, ০১ জুলাই ২০২৬
Natun Kagoj

ইসরায়েলের হুমকির জবাবে কড়া বার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলের হুমকির জবাবে কড়া বার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে লক্ষ্য করে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের দেওয়া হুমকির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি সতর্ক করে বলেছেন, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করা হলে ইরান কঠোর জবাব দিতে প্রস্তুত।

বুধবার (১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতার শর্তগুলো অত্যন্ত স্পষ্ট এবং সবার জন্য উন্মুক্ত। তিনি দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সংযত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

আরাঘচি আরও বলেন, যদি ইসরায়েল সেই প্রতিশ্রুতি উপেক্ষা করে এবং উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা চালায়, তাহলে তেহরান উপযুক্ত ও কঠোর জবাব দিতে দ্বিধা করবে না।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের রাজনৈতিক বা সামরিক নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো ধরনের হুমকি বা হামলার চেষ্টা হলে তার তাৎক্ষণিক ও শক্তিশালী প্রতিক্রিয়া জানানো হবে।

সম্প্রতি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ মন্তব্য করেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ইসরায়েল ‘টার্গেট’ হিসেবে বিবেচনায় রেখেছে। এই বক্তব্যের পরই দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

এর আগে দীর্ঘ ৪০ দিনের সংঘাতের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়। পরে উভয় পক্ষ ৬০ দিনের একটি সমঝোতা স্মারকে সই করে, যেখানে একে অপরের বিরুদ্ধে এবং নিজ নিজ মিত্রদের মাধ্যমে কোনো ধরনের সামরিক হামলা না চালানোর অঙ্গীকার করা হয়।


সূত্র: আল জাজিরা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন