বুধবার, ০১ জুলাই ২০২৬
Natun Kagoj

আরেক মামলায় জেবুন্নেসাকে গ্রেপ্তার দেখাল আদালত

আরেক মামলায় জেবুন্নেসাকে গ্রেপ্তার দেখাল আদালত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। শুনানি শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্র জানায়, কারাগারে থাকা জেবুন্নেসা আফরোজকে আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে গ্রেপ্তার দেখানোর আবেদন উপস্থাপন করে। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা, ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) রিফাত আল আফসানী গত ২৮ জুন এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

এর আগে ২০২৫ সালের ১৬ মে রাজধানী থেকে জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট ভাটারা থানার যমুনা ফিউচার পার্কের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নেওয়ার সময় ব্যবসায়ী রবিউল ইসলাম গুলিবিদ্ধ হন। অভিযোগে বলা হয়, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সশস্ত্র নেতাকর্মীদের হামলায় তিনি আহত হন।

এ ঘটনায় একই বছরের ২৫ ডিসেম্বর আহত রবিউল ইসলাম বাদী হয়ে ভাটারা থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলার তদন্ত চলমান রয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন