মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ইকরার মৃত্যুর ঘটনায় অভিনেতা জাহের আলভীর ২ দিনের রিমান্ড

ইকরার মৃত্যুর ঘটনায় অভিনেতা জাহের আলভীর ২ দিনের রিমান্ড
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

স্ত্রীর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া আত্মহত্যায় প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া (জাহের আলভী)-কে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের পরিদর্শক আব্দুল মালেক আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, নিহত ইকরাকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানজনক ও মানসিকভাবে আঘাতকারী বিভিন্ন পোস্ট দিতেন জাহের আলভী। এছাড়া বিবাহিত থাকা অবস্থায় অন্য এক নারীর সঙ্গে ছবি প্রকাশ করে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগও তদন্তে উঠে এসেছে বলে উল্লেখ করা হয়। মামলার প্রকৃত ঘটনা উদঘাটন, পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং অন্যান্য তথ্য সংগ্রহের জন্য রিমান্ড প্রয়োজন বলে জানায় তদন্ত সংস্থা।

এর আগে গত ১৮ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন জাহের আলভী। তবে শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, গত ১ মার্চ মিরপুরের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইকরাকে উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ বিভিন্ন আলামতও সংগ্রহ করে।

এ ঘটনায় নিহতের মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলা করেন। মামলায় জাহের আলভীর পাশাপাশি তার মা নাসরিন সুলতানা শিউলি-কেও আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন