বুধবার, ০১ জুলাই ২০২৬
Natun Kagoj

সরাসরি নয়, দোহায় পরোক্ষ সংলাপে যুক্তরাষ্ট্র ও ইরান

সরাসরি নয়, দোহায় পরোক্ষ সংলাপে যুক্তরাষ্ট্র ও ইরান
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমিত করা এবং যুদ্ধবিরতি চুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে কাতারের রাজধানী দোহায় পরোক্ষ বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কূটনীতিক।

তিনি জানান, লেক লুসার্ন সম্মেলনের অগ্রগতির ভিত্তিতে প্রস্তুত হওয়া সমঝোতা স্মারককে সামনে রেখে বুধবার কারিগরি পর্যায়ের এই পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে কাতার ও পাকিস্তানের প্রতিনিধিরা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, মার্কিন প্রতিনিধি জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ এই কারিগরি আলোচনায় অংশ নিচ্ছেন না। তবে বৈঠকের আগে মঙ্গলবার তারা কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে পৃথক বৈঠক করেন।

সমঝোতা স্মারকে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের অবসানে ৬০ দিনের যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি স্থায়ী সমাধানে পৌঁছানোর রূপরেখা অন্তর্ভুক্ত রয়েছে।

যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি আলোচনার ইঙ্গিত দিয়েছিলেন, ইরান তা নাকচ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি। তবে আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি বৈঠকের পরিকল্পনা নেই বলে তিনি স্পষ্ট করেছেন।

এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কুশনার ও উইটকফের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের অগ্রগতি ছাড়াও লেবাননের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।


সূত্র: এএফপি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন