বুধবার, ০১ জুলাই ২০২৬
Natun Kagoj

রাষ্ট্রের নিরাপত্তা দুর্বল করতেই অপপ্রচার: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

রাষ্ট্রের নিরাপত্তা দুর্বল করতেই অপপ্রচার: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন দাবি করেছে, পুলিশ বাহিনীর মনোবল দুর্বল করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে।

বুধবার (১ জুলাই) সংগঠনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সই করা এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়।

বিবৃতিতে বলা হয়, একটি সংঘবদ্ধ চক্র এবং সাবেক সরকারের সুবিধাভোগী কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে ভিত্তিহীন পোস্ট তৈরি করে বিভিন্ন ফেসবুক গ্রুপ, পেজ ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এর মাধ্যমে পুলিশ বাহিনীর কার্যক্রম ব্যাহত করা এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা চলছে।

সংগঠনটির দাবি, বিশেষ করে অতীতে বৈষম্যের শিকার হলেও বর্তমানে দুর্নীতি, অপরাধ ও অনিয়ম দমনে সক্রিয় ভূমিকা পালন করা দক্ষ ও সৎ কর্মকর্তারাই এ ধরনের অপপ্রচারের প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে পুলিশ বাহিনী নতুন উদ্যমে দায়িত্ব পালন করছে। এ অবস্থায় একটি স্বার্থান্বেষী মহল বাহিনীর পেশাদার কার্যক্রমে বাধা সৃষ্টি করতে অপতৎপরতা চালাচ্ছে।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভাষ্য, আইন ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে এ ধরনের অপপ্রচার কেবল ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার জন্য নয়, বরং রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করার বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হতে পারে।

সংগঠনটি এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানোর বিরুদ্ধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি অব্যাহত রয়েছে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ চালিয়ে যাবেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন