সালমান শাহর মরদেহ উত্তোলনের সিদ্ধান্ত প্রত্যাহার

‘হত্যার প্রকৃত কারণ’ উদঘাটনের লক্ষ্যে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) দেহাবশেষ কবর থেকে উত্তোলনের যে অনুমতি দেওয়া হয়েছিল, তা বাতিল করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান।
মামলার বাদী সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম কবর থেকে লাশ উত্তোলনের পূর্বের আদেশ বাতিল চেয়ে আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করেন।
এর আগে সিআইডির তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর জিয়াউল মোর্শেদ লাশ উত্তোলনের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। পরে ২৪ মে আদালত সেই অনুমতি দেন, যা ১০ জুন প্রকাশ্যে আসে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছিল, ঘটনার প্রায় ২৯ বছর পর রমনা থানায় দায়ের হওয়া হত্যা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মরদেহ উত্তোলন প্রয়োজন।
পরবর্তীতে মামলার অগ্রগতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হলেও সর্বশেষ আদালতের আদেশে তা বাতিল হলো।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। প্রথমে অপমৃত্যু মামলা হলেও পরবর্তীতে দীর্ঘ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়।
এ ঘটনায় একাধিক ব্যক্তি আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন এবং তদন্ত এখনো চলমান রয়েছে।