মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
Natun Kagoj

ধানমন্ডি ৩২-এ সাংবাদিককে মারধর, ‘ভুল–বোঝাবুঝি’র কথা বলছে জামায়াত

ধানমন্ডি ৩২-এ সাংবাদিককে মারধর, ‘ভুল–বোঝাবুঝি’র কথা বলছে জামায়াত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে এক সংবাদকর্মীকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর একদল নেতা–কর্মীর বিরুদ্ধে। তবে দলটির পক্ষ থেকে ঘটনাটিকে ‘ভুল–বোঝাবুঝি’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল পৌনে ৯টার দিকে বঙ্গবন্ধু ভবনের সামনে এই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

কীভাবে ঘটনা ঘটে

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখার একটি কর্মসূচির অংশ হিসেবে সকালে কলাবাগান থেকে মিছিল বের হয়। মিছিলটি সোবহানবাগ মসজিদ এলাকা হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ চলাকালে সাংবাদিকদের সঙ্গে নেতা–কর্মীদের কথাকাটাকাটি হয়।

এ সময় দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁকে বাঁচাতে গিয়ে আরও কয়েকজন সাংবাদিক আহত হন।

পরে সহকর্মীরা আহত সাংবাদিককে উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা শেষে তাঁকে বাসায় পাঠানো হয়।

সাংবাদিকের অভিযোগ

আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশির বলেন, বক্তব্যের সময় সাংবাদিকরা সংক্ষিপ্ত বক্তব্য দিতে অনুরোধ করলে ক্ষোভের সৃষ্টি হয়। এরপর কথাবার্তার জেরে তাকে লক্ষ্য করে হামলা করা হয় এবং আইডি কার্ড যাচাইয়ের আগেই মারধর শুরু হয় বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, পরবর্তীতে আরও কিছু সাংবাদিকও হামলার শিকার হন।

জামায়াতের অবস্থান ও তদন্ত

ঘটনার পর জামায়াতে ইসলামীর কয়েকজন স্থানীয় নেতা আহত সাংবাদিকের খোঁজ নেন এবং দুঃখ প্রকাশ করেন বলে জানা গেছে।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি ‘ভুল–বোঝাবুঝি’ থেকে ঘটেছে। বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং দ্রুত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে জনসমাগমে কেউ উসকানি বা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে কি না, তাও খতিয়ে দেখা হবে।

এদিকে ঘটনার বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন