শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

পূর্বাচলে সরছে মহাখালীর বাস ডিপো

পূর্বাচলে সরছে মহাখালীর বাস ডিপো
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর দীর্ঘস্থায়ী যানজট নিরসনে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে মহাখালী বাস টার্মিনালের বাসগুলোর ডিপো অস্থায়ীভাবে পূর্বাচলে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৫ জুন) সচিবালয়ে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকীকরণ নিয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ তথ্য জানান যোগাযোগ বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান। বৈঠকে সংশ্লিষ্ট প্রশাসন ও সিটি করপোরেশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

তিনি জানান, মহাখালী এলাকায় সড়কের ওপর বাসের দীর্ঘক্ষণ অবস্থানের কারণে যে যানজট সৃষ্টি হয়, তা কমাতে পূর্বাচলে অস্থায়ী ডিপো করা হবে। সেখান থেকে বাসগুলো নির্ধারিত সময় অনুযায়ী যাত্রী পরিবহনের জন্য টার্মিনালে আসবে।

এ ছাড়া সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনালের ক্ষেত্রেও বিকল্প স্থান নির্ধারণের কাজ চলছে। একই সঙ্গে স্থায়ী সমাধানের লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনাও গ্রহণ করা হচ্ছে।

বৈঠকে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ভবিষ্যৎ ব্যবহার নিয়েও আলোচনা হয়। প্রকল্পটি বাতিল না করে কীভাবে জনপরিবহন করিডোর হিসেবে কার্যকর করা যায়, সে বিষয়ে বিশেষজ্ঞদের মতামত চাওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে।

এদিকে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে আগামী সপ্তাহে শাহবাগ এলাকায় ট্রাফিক সিগন্যাল চালুর পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাজধানীর প্রধান বাস টার্মিনালগুলোকে আরও সুশৃঙ্খল করা, হকার ব্যবস্থাপনা উন্নত করা এবং আন্তঃজেলা বাস চলাচলের জন্য বিকল্প অবকাঠামো গড়ে তোলার উদ্যোগও নেওয়া হচ্ছে। এতে নগরীর যানজট পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন