মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
Natun Kagoj

জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশসহ ঝুঁকিপূর্ণ ডেল্টা অঞ্চল ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকিতে থাকা দেশগুলোর জন্য আরও কার্যকর আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৩ জুন) চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস জভিংগির সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বৈঠকে আলোইস জভিংগি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের উন্নয়ন ও জলবায়ু উদ্যোগের প্রশংসা করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশ ক্রমবর্ধমান ঝুঁকির মুখে রয়েছে। বিশেষ করে ডেল্টা অঞ্চল ও উপকূলীয় দেশগুলো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব দেশের জন্য সমন্বিত বৈশ্বিক উদ্যোগ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ আগামী পাঁচ বছরে ২৫০ মিলিয়ন গাছ রোপণের পরিকল্পনা হাতে নিয়েছে। পাশাপাশি প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনর্খননের মাধ্যমে পানিপ্রবাহ পুনরুদ্ধার, বন্যা ঝুঁকি হ্রাস এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার সৌরবিদ্যুৎ খাতে বিভিন্ন কর সুবিধা দিয়েছে। ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট আলোইস জভিংগি বাংলাদেশের জলবায়ু অভিযোজন ও টেকসই উন্নয়ন উদ্যোগের প্রশংসা করে বলেন, এসব পদক্ষেপ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী ও বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াতে সহায়ক হবে।

তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রধানমন্ত্রীর অভিজ্ঞতা ও নেতৃত্বকে বৈশ্বিক পর্যায়ে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

সাক্ষাৎ শেষে আলোইস জভিংগি প্রধানমন্ত্রীকে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন