হামের প্রকোপ অব্যাহত: একদিনেই ৩ জনের মৃত্যু, আক্রান্ত ও হাসপাতালে ভর্তি ১১৩৫

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুরা ঢাকা, ময়মনসিংহ ও মৌলভীবাজার জেলার। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৫ জন।
বুধবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামে ও হামের উপসর্গে মোট ৬৮৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৯৩ জন।
একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১১ হাজার ২৯৭ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪ হাজার ৭৬৪ জন।
তথ্য অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত হামে ও উপসর্গে মৃত্যু হয়েছে ৩০৮ জনের এবং আক্রান্ত হয়েছে ৫১ হাজার ২৬১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবটি গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৩ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের বলে জানানো হয়েছে।