শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
এক জার্সিতে কোটি হৃদয়ের ভালোবাসা

মিরপুরে উন্মোচিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম আর্জেন্টিনা জার্সি

মিরপুরে উন্মোচিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম আর্জেন্টিনা জার্সি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ভালোবাসারও যে মাপ হয়, তা হয়তো জানা ছিল না। কিন্তু মিরপুরের একদল ফুটবলপ্রেমী সেই ভালোবাসাকে মেপেছেন ১০০ ফুটে।  প্রিয় তারকা লিওনেল মেসিকে সম্মান জানাতে রাজধানীর মিরপুর-১৪ এলাকায় উন্মোচন করা হয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফ্যান-নির্মিত আর্জেন্টিনা জার্সি। ঢাকা ক্যান্টনমেন্ট সংলগ্ন মিরপুর-১৪ এলাকার ইব্রাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের পাশে স্থাপন করা হয়েছে জার্সিটি। আয়োজকদের দাবি অনুযায়ী, এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফ্যান-নির্মিত আর্জেন্টিনা জার্সি।

নীল-সাদা রঙের এই বিশাল জার্সি ১০০ ফুট লম্বা ও ৬০ ফুট চওড়া। এটি তৈরিতে ব্যবহার করা হয়েছে প্রায় ৪৫০ গজ কাপড়। স্থানীয় দর্জি জহিরুল ইসলাম ও তার পাঁচ সহকারী টানা চার দিন পরিশ্রম করে জার্সিটি তৈরি করেন।

ইব্রাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন উন্মুক্ত স্থানে প্রদর্শিত জার্সিটি দেখতে ভিড় করছেন শত শত ফুটবলপ্রেমী। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ মেসির প্রতি নিজের আবেগের গল্প শোনাচ্ছেন। মেসির আইকনিক ১০ নম্বর জার্সির আদলে তৈরি এই স্থাপনাটি মূলত আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি বাংলাদেশের সমর্থকদের ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে। আয়োজকরা জানান, ২০২৬ বিশ্বকাপকে কেন্দ্র করে মেসির দীর্ঘ ক্যারিয়ারের সম্ভাব্য শেষ অধ্যায়কে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উন্মোচনের সময় সেখানে বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন এবং আর্জেন্টিনার পতাকা ও জার্সি পরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

বাংলাদেশে আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা নতুন নয়।   আয়োজকরা আশা করছেন, এই জার্সি শুধু স্থানীয় নয়, আন্তর্জাতিকভাবেও বাংলাদেশে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসকে নতুনভাবে তুলে ধরবে। তবে মিরপুরের এই দৈত্যাকার জার্সি যেন প্রমাণ করল—মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি কোটি ভক্তের হৃদয়ের এক টুকরো আবেগ।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন