আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

বিশ্বজুড়ে আজ (রোববার) পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর ৩ মে এই দিবসটি উদযাপন করা হয়। দিবসটির মূল উদ্দেশ্য হলো গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরা।
এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার”।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে। সাংবাদিকরা পেশাগত অধিকার, মর্যাদা এবং স্বাধীন সাংবাদিকতার দাবি জোরদার করতে নানা কর্মসূচি পালন করছেন।
১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশের ভিত্তিতে ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ৩ মে তারিখকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকে বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়ে আসছে।
দিবসটি উপলক্ষে সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার মৌলিক নীতিমালা অনুসরণ, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিরোধ এবং ত্যাগী সাংবাদিকদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এদিকে আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (RSF) প্রকাশিত বৈশ্বিক গণমাধ্যম স্বাধীনতা সূচকে এবার বাংলাদেশের অবস্থান কিছুটা অবনতি হয়েছে। এবছর বাংলাদেশ ১৮০টি দেশের মধ্যে ১৫২তম অবস্থানে রয়েছে, যেখানে গত বছর অবস্থান ছিল ১৪৯তম।
দিবসটি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় র্যালি আয়োজন করেছে। সকাল ৯টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই র্যালি তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হওয়ার কথা।
এছাড়া সকাল সাড়ে ৯টায় তথ্য ভবন কমপ্লেক্সের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।