প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর পরিকল্পনা সরকারের

প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে অবসর ভাতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানকে দেখতে গিয়ে তিনি এ তথ্য জানান। এ সময় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল এবং ট্রাস্টি বোর্ডের সদস্য খোন্দকার কাওছার হোসেন উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হলেও সাংবাদিকরা দীর্ঘদিন ধরে প্রাতিষ্ঠানিক নিরাপত্তার বাইরে থেকে কাজ করছেন। বিশেষ করে প্রবীণ সাংবাদিকদের আর্থিক সুরক্ষার বিষয়টি উপেক্ষিত ছিল, যা দূর করতে সরকার অবসর ভাতা চালুর পরিকল্পনা নিয়েছে।
তিনি আরও বলেন, অনেক প্রবীণ সাংবাদিক জীবনের শেষ সময়ে আর্থিক সংকটে পড়েন, যা অত্যন্ত দুঃখজনক। এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকার তাদের জন্য সম্মানজনক জীবনযাপনের ব্যবস্থা করতে কাজ করছে।
মন্ত্রী জানান, সাংবাদিকদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও শক্তিশালী করা হচ্ছে।
এ সময় তিনি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানকে এক লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করেন।