রবিবার, ০৩ মে ২০২৬
Natun Kagoj

নিরাপত্তা বলয়ে পশ্চিমবঙ্গ ভোটের ফল প্রকাশের প্রস্তুতি

নিরাপত্তা বলয়ে পশ্চিমবঙ্গ ভোটের ফল প্রকাশের প্রস্তুতি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

শেষ হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, এখন চলছে ফলাফলের অপেক্ষা। স্থানীয় সময় সোমবার (৪ মে) সকাল ৮টা থেকে শুরু হবে নির্বাচনের ফল ঘোষণা।

৭৭টি ভোটগণনা কেন্দ্র থেকে একে একে ইভিএম থেকে প্রার্থীদের হার-জিতের তথ্য প্রকাশ করা হবে। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সামনে ফল প্রকাশ করবেন কাউন্টিং কর্মকর্তারা।

এরইমধ্যে গণনাকেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে। কঠোর নিরাপত্তায় মোতায়েন থাকবেন প্রায় ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ১০ হাজার রাজ্য পুলিশ। এরইমধ্যে কলকাতার ৭টি গণনাকেন্দ্রে বিপুলসংখ্যক পুলিশ ও নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে।
 
গণনাকেন্দ্রগুলোর ২০০ মিটারের মধ্যে ভোর ৫টা থেকে ১৪৪ ধারা জারি থাকবে। আর ১০০ মিটারের মধ্যে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না।

তবে, গণনাকেন্দ্রে হঠাৎ করে লোডশেডিং করে ইভিএম মেশিন বদলে দেয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কালীঘাটে দলীয় বৈঠকে তিনি এ আশঙ্কা প্রকাশ করেছেন বলে দাবি কলকাতার গণমাধ্যমের।
 
এরমধ্যে শনিবার রাজ্যের ডায়মন্ড হারবার ও মগরাহাট বিধানসভার ১৫টি বুথে পুনর্নির্বাচনে ভোট নেয়া হয়। এসব বুথে ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট হয়েছিল। তবে ইভিএমের মাধ্যমে ভোটে কারচুপির তথ্য-প্রমাণ থাকায় নতুন করে ভোট নেয় কমিশন। পুনর্ভোটেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়।

এদিকে, দক্ষিণ ২৪ পরগনায় দেখা গেছে ভোট-পরবর্তী উত্তেজনা। স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগে রাস্তায় নেমে বিক্ষোভ করেন অনেকে। নির্বাচন কমিশনের কাছে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবি জানান তারা।
 
২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গ রাজ্যে দুই দফায় ২৯৪ আসনের বিধানসভা ভোট নেয়া হয়। এতে ভোট দেন ৯৩ শতাংশ মানুষ।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন