২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮

দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে মৃত্যুও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮ জনে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে দুজন খুলনায় চিকিৎসাধীন ছিলেন। অন্য চারজনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগের হাসপাতালে একজন করে মারা গেছেন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মোট ২৪৫ জনের মৃত্যু হয়েছে। মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৯৪৮ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালে ১৮৯ জন এবং ডিএসসিসি এলাকার হাসপাতালে ২১০ জন ভর্তি হয়েছেন। ঢাকা সিটি করপোরেশনের বাইরের বিভিন্ন এলাকায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২০ জন।
ঢাকার বাইরে সবচেয়ে বেশি নতুন রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে—৩৪৩ জন। এ ছাড়া খুলনা বিভাগে ২৪৮, রাজশাহীতে ২১১, বরিশালে ২১২, ময়মনসিংহে ১০২, রংপুরে ৯৯ এবং সিলেট বিভাগে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বুধবার সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৭৯ হাজার ৬২০ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭৩ হাজার ৮৯০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।