আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ

দীর্ঘ সাত বছর পর আবারও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ফিরছে বাংলাদেশ। অক্টোবরের ব্যস্ত সূচিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের পাশাপাশি আফগানিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। পুরো সিরিজই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। বুধবার সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে।
সর্বশেষ ২০১৯ সালে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। এবার আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আবারও সেই ফরম্যাটে ফিরছে টাইগাররা।
সূচি অনুযায়ী, বৃহস্পতিবার (১ অক্টোবর) দুবাইয়ের উদ্দেশে রওনা দেবেন বাংলাদেশের টেস্ট দলের সদস্যরা। সেখানে ২ ও ৩ অক্টোবর অনুশীলন করবে দল। এরপর ৪ অক্টোবর থেকে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
এশিয়ান গেমসে জাপানে থাকা দলের বাকি সদস্যরা ৬ অক্টোবর দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন। এরপর ৭ ও ৮ অক্টোবর পূর্ণাঙ্গ দল নিয়ে অনুশীলন করবে বাংলাদেশ।
৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের একমাত্র টেস্ট। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়।
টেস্ট শেষে ১৭ অক্টোবর শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে এবং শুরু হবে বিকেল সাড়ে ৩টায়।
এরপর ২১ অক্টোবর শারজায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচও শুরু হবে বিকেল সাড়ে ৩টায়।
ত্রিদেশীয় সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর শারজায়। তিন দলের লড়াইয়ের মধ্য দিয়ে সাত বছর পর আবারও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের স্বাদ পাবে বাংলাদেশ।