মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ, সিটি করপোরেশনের কর্মকর্তা ও ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১৩ থেকে মিরপুর-১০ নম্বর এলাকার হোপ মার্কেটের কাছে ফুটপাত উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় পুলিশ ও সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে ফুটপাতে ব্যবসা করা ক্ষুদ্র ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
তার দাবি, সংঘর্ষে সিটি করপোরেশনের কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরা আক্রান্ত হয়েছেন। পুলিশের সদস্যদের সঙ্গেও ব্যবসায়ীদের সংঘর্ষ হয়েছে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদেরও বাধার মুখে পড়তে হয়েছে বলে জানান জামায়াত আমির।
মিরপুর এলাকার সংশ্লিষ্ট সংসদীয় আসনের সংসদ সদস্য হিসেবে তিনি বলেন, জনগণের সুবিধা-অসুবিধা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়ার আগে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করা হলে বিষয়টি আরও সমন্বিতভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো।
শফিকুর রহমান বলেন, ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে অযথা ক্ষতিগ্রস্ত না হন এবং সাধারণ মানুষের চলাচলও নির্বিঘ্ন থাকে, সে জন্য বাস্তবভিত্তিক ও সমন্বিত ব্যবস্থা প্রয়োজন।
ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগের কথাও তুলে ধরেন তিনি। তার ভাষ্য, একদল অসাধু ব্যক্তি দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক ভিত্তিতে চাঁদা নিয়ে এসব ক্ষুদ্র ব্যবসায়ীকে সেখানে ব্যবসার সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ রয়েছে। এর ফলে চাঁদার অর্থের প্রভাব শেষ পর্যন্ত পণ্য ও সেবার দামে গিয়ে সাধারণ ক্রেতাদের ওপর পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির বলেন, শুধু উচ্ছেদ অভিযান চালিয়ে সমস্যার স্থায়ী সমাধান হবে না। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আগে বিকল্প ব্যবস্থা নিশ্চিত করে এরপর উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, স্থানীয় সংসদ সদস্যকে অবহিত না করে এ ধরনের পদক্ষেপ নেওয়ায় তিনি বিস্মিত হয়েছেন। পারস্পরিক আলোচনা ও পরামর্শের মাধ্যমে সমস্যার একটি কার্যকর সমাধান বের করা সম্ভব ছিল বলেও উল্লেখ করেন তিনি।
সব পক্ষকে আপাতত শান্ত থাকার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, যেখানে সমস্যা রয়েছে, সেখানেই সমাধানের পথও রয়েছে। তবে সমাধান হতে হবে নিরপেক্ষ, বাস্তবভিত্তিক ও মানবিক এবং এতে কাউকে অযথা ক্ষতিগ্রস্ত করা উচিত নয়।
পোস্টের শেষাংশে তিনি বলেন, ‘ফ্যাসিবাদের দোসরদের কোনো জায়গা নেই।’