জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রা এবং একটি মানবিক বাংলাদেশ গড়ার বার্তা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা ও মুখপাত্র ড. মাহদী আমিন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের সামনে বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রার কথা তুলে ধরেছেন। একই সঙ্গে মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ের কথাও জানিয়েছেন। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন বলেও দাবি করেন তিনি।
রোহিঙ্গা সংকটের সমাধানে প্রধানমন্ত্রী পাঁচটি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন উল্লেখ করে মাহদী আমিন বলেন, এ সংকটের মূল সমাধান মিয়ানমারকেই করতে হবে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বিশ্ব নেতারা বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেছেন বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর সফরের বিভিন্ন দিক তুলে ধরে মাহদী আমিন বলেন, সফরে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে। পাশাপাশি স্বনির্ভর বাংলাদেশের একটি রূপরেখাও বিশ্ব নেতাদের সামনে উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রী।
চার দিনের সফরে ১১টি দেশের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, এসব বৈঠকে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সহযোগিতা বাড়ানোর বিভিন্ন সুযোগ নিয়ে আলোচনা হয়েছে। মুসলিম দেশগুলোতে বাংলাদেশের জনশক্তি রপ্তানির বিষয়টিও আলোচনায় এসেছে।
মাহদী আমিন আরও বলেন, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের নির্বাচিত সরকারকে অভিনন্দন জানিয়েছেন। গত সাত মাসে মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করে সরকার কীভাবে কাজ করেছে, বৈঠকগুলোতে সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠকে ফ্যামিলি কার্ডসহ সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচি সম্পর্কে অবহিত করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র। একই সফরে বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গেও বৈঠক হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ বিমানের বহর সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে বলে উল্লেখ করেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি প্রেস ব্রিফিং আয়োজনের বিষয়ে জানতে চাইলে মাহদী আমিন বলেন, এ বিষয়ে সাংবাদিকদের যথাসময়ে বার্তা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।