রবিবার, ০৩ মে ২০২৬
Natun Kagoj
আলোচনায় ৪৯৮ প্রস্তাব

আজ থেকে শুরু হচ্ছে ডিসি সম্মেলন

আজ থেকে শুরু হচ্ছে ডিসি সম্মেলন
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের জেলা প্রশাসকদের (ডিসি) চার দিনব্যাপী বার্ষিক সম্মেলন আজ রোববার থেকে শুরু হচ্ছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ সকাল সাড়ে ১০টায় এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের সম্মেলনে আলোচনার জন্য মোট ৪৯৮টি প্রস্তাব বাছাই করা হয়েছে। এতে দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকদের পাশাপাশি ৮টি বিভাগের বিভাগীয় কমিশনাররা অংশ নিচ্ছেন।

প্রতি বছরের মতো এই সম্মেলনে মাঠ প্রশাসনের নানা সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরবেন ডিসিরা। এসব প্রস্তাবের আলোচনার ভিত্তিতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সম্মেলনের বিভিন্ন কার্য-অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পাশাপাশি উপদেষ্টা, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেবেন। মন্ত্রিপরিষদ সচিব পদাধিকারবলে এসব অধিবেশনে সভাপতিত্ব করবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এবারের সম্মেলনে ভূমি ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা সংকট, সড়ক ও সেতু নির্মাণ, পর্যটন শিল্পের বিকাশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসনসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব পাবে।

এছাড়া সরকারের ৫৬টি নীতিনির্ধারণী প্রতিষ্ঠানের অংশগ্রহণে মোট ৩৪টি কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে ডিসিদের একটি মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। পাশাপাশি সম্মেলনের বিভিন্ন পর্যায়ে রাষ্ট্রপতি, স্পিকার ও প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জেলা প্রশাসকরা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন