নির্ধারিত ভাড়ার বেশি না নিতে নির্দেশ দিল পরিবহন মালিক সমিতি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বাসে সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা আদায় না করার কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
সংগঠনটি জানিয়েছে, দেশের সব জেলা শাখা ও ইউনিটকে এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। কোনো অবস্থাতেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না বলে স্পষ্টভাবে জানানো হয়েছে।
শনিবার (২ মে) রাজধানীর পরীবাগ এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত কার্যকরী পরিষদের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কফিল উদ্দিন আহম্মেদ এবং পরিচালনা করেন মহাসচিব মো. সাইফুল আলম।
সভায় তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রথমত, ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরির সুষ্ঠু চলাচল নিশ্চিত করতে একটি সাব-কমিটি গঠন করা হয়েছে, যা যানজট ও দুর্ঘটনা কমাতে কাজ করবে।
দ্বিতীয়ত, পরিবহন খাতে এআইটি (প্রিজাম্পটিভ আয়কর) দ্বিগুণ করায় মালিকদের আর্থিক চাপ বেড়েছে বলে সভায় উল্লেখ করা হয়। একই সঙ্গে টায়ার, টিউবসহ যন্ত্রাংশের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করা হয় এবং কর ও শুল্ক কমানোর দাবি জানানো হয়।
তৃতীয়ত, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে দেশের সব বৈধ পরিবহন সংগঠনকে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি এম এ বাতেন, সিনিয়র সহসভাপতি মোরশেদুল আলম কাদেরী, অতিরিক্ত মহাসচিব এ এস এম আহম্মেদ খোকনসহ কেন্দ্রীয় নেতারা।