বিয়ে করছেন নাজনীন নীহা? ‘এনগেজড’ স্ট্যাটাস ঘিরে কৌতূহল

কয়েক মাস আগে অভিনেত্রী নাজনীন নীহার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়েছিল। সে সময় তিনি বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেন। তবে এবার নিজের ফেসবুক প্রোফাইলে সম্পর্কের অবস্থা পরিবর্তন করে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
সোমবার (২৯ জুন) নাজনীন নীহা তার ফেসবুক অ্যাকাউন্টে রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ হিসেবে হালনাগাদ করেন। এরপর থেকেই ভক্ত ও অনুসারীদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
স্ট্যাটাসটি প্রকাশের পর অনেকেই ধারণা করছেন, অভিনেত্রী হয়তো বাগদান সম্পন্ন করেছেন। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তিনি।
বিষয়টি জানতে নাজনীন নীহার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফোনকল, হোয়াটসঅ্যাপ এবং খুদে বার্তারও জবাব দেননি তিনি।
এদিকে তার ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে শুভেচ্ছা, অভিনন্দন এবং কৌতূহলী প্রশ্নে ভরে গেছে। কেউ হবু জীবনসঙ্গীর পরিচয় জানতে চেয়েছেন, আবার কেউ শুভকামনা জানিয়েছেন। তবে এসব মন্তব্যেরও কোনো উত্তর দেননি অভিনেত্রী।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের একটি ছবি পোস্ট করেছিলেন নাজনীন নীহা। ওই ছবি ঘিরেও বিয়ের গুঞ্জন তৈরি হয়েছিল। পরে তিনি জানান, সেটি ব্যক্তিগত জীবনের নয়, একটি নাটকের প্রচারণার অংশ ছিল।
তবে এবার ফেসবুকে ‘এনগেজড’ স্ট্যাটাস দেওয়ার পর নতুন করে আলোচনার জন্ম হয়েছে। যদিও নাজনীন নীহার আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া পর্যন্ত তার বাগদান সম্পন্ন হয়েছে কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।