জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। তিনি বর্তমান চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হবেন।
সোমবার (২৯ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার নতুন এই নিয়োগের ঘোষণা দেয়।
আহসান হাবিব দীর্ঘদিন ধরে দেশের কর প্রশাসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি এনবিআরের সদস্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের একজন কর্মকর্তা। শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। এছাড়া বিসিএস পরীক্ষাতেও নিজের ব্যাচে প্রথম স্থান লাভ করেন।
কর্মজীবনে কর অঞ্চল-১৫-এর কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন আহসান হাবিব। রাজস্ব ব্যবস্থাপনায় দক্ষতা, কর প্রশাসনে আধুনিকায়ন এবং কর ফাঁকি রোধে বিভিন্ন উদ্যোগের জন্য তিনি পরিচিত।
কেন্দ্রীয় গোয়েন্দা সেলের মহাপরিচালক থাকাকালে কর ফাঁকি, অবৈধ আর্থিক লেনদেন এবং রাজস্ব অনিয়মসংক্রান্ত বেশ কয়েকটি আলোচিত অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন তিনি। পাশাপাশি অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ‘উল্কাগেমস’-এর বকেয়া কর আদায়ের উদ্যোগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বর্তমানে তিনি বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করছেন। কর প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার ভিত্তিতে এনবিআরের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আহসান হাবিব।