হঠাৎ অসুস্থ দীপু মনি, ঢামেকে চিকিৎসাধীন

মুন্সীগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনি (৬১)। পরে তাকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
সোমবার (২৯ জুন) ভোরের দিকে কারাগারে অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে কঠোর নিরাপত্তার মধ্যে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সকাল ৬টার দিকে মুন্সীগঞ্জ কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দীপু মনি। পরে কারারক্ষীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সকাল সাড়ে ১০টার দিকে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ জানান, দীপু মনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন এবং নিয়মিত চিকিৎসা প্রয়োজন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়েছিল।
তিনি আরও জানান, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসা শেষে তাকে আবার কারাগারে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, দীপু মনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী এবং প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।