শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে জবাবদিহিও জরুরি: কাদের গনি

গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে জবাবদিহিও জরুরি: কাদের গনি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ শক্তিশালী করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী। তিনি বলেন, সাংবাদিকতার মূল ভিত্তি হওয়া উচিত সত্য, নির্ভুলতা ও পেশাগত নৈতিকতা।

সোমবার (২৯ জুন) রাজধানীর সার্কিট হাউজ রোডে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বোর্ড সভাকক্ষে আয়োজিত ‘গণমাধ্যমের স্বাধীনতা, আগ্রাসনরোধ ও জবাবদিহিমূলক কাঠামো’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকতায় মিথ্যা বা অর্ধসত্য তথ্যের কোনো স্থান নেই। তিনি জোর দিয়ে বলেন, তথ্য যাচাই করে সত্য প্রকাশ করাই একজন পেশাদার সাংবাদিকের প্রধান দায়িত্ব।

সেমিনারে তিনি অপসাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, কিছু ব্যক্তি সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে ব্যক্তিস্বার্থে বিভিন্ন প্রতিষ্ঠানে তদবিরের মতো কর্মকাণ্ডে জড়াচ্ছেন, যা গণমাধ্যমের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এ ধরনের অনিয়ম রোধে কার্যকর জবাবদিহিমূলক ব্যবস্থা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত হলে রাষ্ট্রেরও উচিত সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং স্বাধীনভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বাছির জামাল বলেন, একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন, দায়িত্বশীল এবং রাজনৈতিক ও অর্থনৈতিক চাপমুক্ত গণমাধ্যমের বিকল্প নেই। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভুয়া তথ্য প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিএফইউজের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদসহ গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি অংশ নেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন