সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শিক্ষার্থীদের প্রতি প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি তিনি পরিবারের নতুন সদস্য জন্ম নিলে তার নামেও একটি গাছ রোপণের পরামর্শ দিয়েছেন, যাতে পরিবেশ সংরক্ষণে সবাই ছোটবেলা থেকেই অভ্যস্ত হয়ে ওঠে।

    সোমবার (২৯ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব কেবল একটি বিশেষ দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং প্রতি বর্ষা মৌসুমে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রতি বছর একটি গাছ লাগালে যেমন গাছটি ধীরে ধীরে বড় হবে, তেমনি তোমরাও বড় হবে। একসময় সেই গাছের সঙ্গে আত্মিক সম্পর্ক তৈরি হবে এবং সেটিকে আপন বন্ধুর মতো মনে হবে।

    তিনি আরও বলেন, পরিবারের নতুন কোনো ভাই বা বোন জন্ম নিলে তাদের নামেও একটি গাছ রোপণ করা যেতে পারে। এতে শিশুর বেড়ে ওঠার পাশাপাশি গাছটিও সমানভাবে বড় হবে, যা ভবিষ্যতে পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    বক্তব্যে প্রধানমন্ত্রী একটি ঐতিহাসিক ঘটনার কথাও স্মরণ করেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে একসময় বাংলাদেশ থেকে সৌদি আরবে নিমগাছের চারা পাঠানো হয়েছিল। পরবর্তীতে সেই চারাগুলো থেকে আরাফাতের ময়দানে অসংখ্য নিমগাছ রোপণ করা হয়, যা বর্তমানে সেখানে আগত মানুষের জন্য ছায়া প্রদান করছে।

    পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ, অবকাঠামো নির্মাণ এবং নির্বিচারে গাছ কাটার ফলে জলবায়ু ও প্রাকৃতিক পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সমাজের সব শ্রেণির মানুষকে নিয়মিত বৃক্ষরোপণে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন