চ্যাট ও ওয়ার্কের ব্যবহারসীমা এক করছে ওপেনএআই

চ্যাটজিপিটিতে ‘চ্যাট’ ও ‘ওয়ার্ক’ সুবিধার ব্যবহারের সীমা এক করার উদ্যোগ নিয়েছে ওপেনএআই। নতুন ব্যবস্থায় দুটি সুবিধার জন্য আলাদা বরাদ্দের পরিবর্তে একটি অভিন্ন ব্যবহারসীমা থাকবে। এতে বেশি ব্যবহার করেন এমন কিছু গ্রাহক আগের তুলনায় দ্রুত ব্যবহারের সীমায় পৌঁছে যেতে পারেন।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার থেকে সীমিতসংখ্যক প্রো গ্রাহকের জন্য নতুন ব্যবস্থাটি চালু করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির পণ্য বিভাগের প্রধান থিবো সোশিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। আগামী ডিসেম্বর থেকে আরও বড় পরিসরে এ সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।
ওপেনএআইয়ের এক মুখপাত্র টেকক্রাঞ্চকে জানিয়েছেন, অধিকাংশ ব্যবহারকারীর ক্ষেত্রে ব্যবহারের সীমা আগের তুলনায় দ্রুত শেষ হওয়ার কথা নয়। তবে সবচেয়ে বেশি ব্যবহার করেন এমন অল্পসংখ্যক গ্রাহক আগেভাগেই নির্ধারিত সীমায় পৌঁছে যেতে পারেন।
নতুন ব্যবস্থায় চ্যাটজিপিটির চ্যাট ও ওয়ার্ক—দুই ধরনের কাজের ব্যবহার একই বরাদ্দ থেকে হিসাব করা হবে। ফলে উন্নত যুক্তিনির্ভর মডেল ব্যবহার করে কথোপকথন কিংবা জটিল কাজ সম্পন্ন করার ক্ষেত্রে গ্রাহকদের অভিন্ন ব্যবহারসীমার মধ্যেই থাকতে হবে।
তবে ইনস্ট্যান্ট মডেলের ব্যবহার এই সীমার বাইরে রাখা হয়েছে। ফলে এ মডেলে কথোপকথন চালানোর ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ব্যবহারসীমা থাকছে না। অন্য মডেল ব্যবহারের বরাদ্দ শেষ হয়ে গেলেও ইনস্ট্যান্ট মডেল ব্যবহার করা যাবে।
ওপেনএআইয়ের এ সিদ্ধান্ত নিয়ে চ্যাটজিপিটির কিছু গ্রাহক সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রতিষ্ঠানটির কমিউনিটি ফোরামে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের আশঙ্কা, চ্যাট ও ওয়ার্কের ব্যবহারসীমা একীভূত হলে একই সাবস্ক্রিপশন ফি দিয়েও উন্নত রিজনিং মডেল ব্যবহারের সুযোগ কমে যেতে পারে।
ওপেনএআই জানিয়েছে, গ্রাহকেরা যাতে তাঁদের সাবস্ক্রিপশন পরিকল্পনা থেকে আরও বেশি সুবিধা পান, সে জন্য সেবার দক্ষতা বাড়ানোর কাজ অব্যাহত রয়েছে।
এআই খাতে একই ধরনের উদ্যোগ নিয়েছে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিকও। গত সেপ্টেম্বরে তারা কথোপকথনভিত্তিক এআই সেবা ক্লড এবং কাজের জন্য তৈরি ক্লড কোওয়ার্ককে একই ইন্টারফেসের আওতায় এনেছে।
এআই প্রতিষ্ঠানগুলো উন্নত মডেল তৈরি ও পরিচালনার জন্য ক্রমবর্ধমান অবকাঠামোগত ব্যয়ের মুখে পড়ছে। একই সঙ্গে এসব মডেলের চাহিদাও বাড়ছে। চ্যাট ও কাজের সুবিধা এক জায়গায় আনার ফলে ব্যবহারকারীদের জন্য সেবা ব্যবহারের প্রক্রিয়া সহজ হতে পারে। তবে ব্যবহারের সীমা একীভূত করার সিদ্ধান্ত গ্রাহকদের অভিজ্ঞতায় কী প্রভাব ফেলবে, তা নতুন ব্যবস্থা আরও বিস্তৃতভাবে চালুর পর বোঝা যাবে।