বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিশুদের টিকা অটিজমের কারণ, এখনো বিশ্বাস করেন প্রতি ছয়জনে একজন মার্কিন Misconceptions About Vaccines and Autism Persist Among US Adults ডেঙ্গুতে এ বছর মৃত্যু ৫২৭, আক্রান্ত ছাড়াল ১ লাখ ৭৮ হাজার ৩০ পেরোলেই কি নারীর সন্তান ধারণের ক্ষমতা কমে যায়? ‘সব জায়গায় রাজনীতিতে কিছু পাগল থাকে’, পশ্চিমবঙ্গের মন্ত্রীর হুমকি নিয়ে প্রতিমন্ত্রী যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের মামলা, আনারকন্যা ডরিন রিমান্ডে সিঙ্গাপুরে বিমানবালার শ্লীলতাহানি, বাংলাদেশি তরুণের কারাদণ্ড গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ ‘যত্ন নিতে না পারলেও প্রাণীর ক্ষতি করা থেকে বিরত থাকুন’: তারেক রহমান ‘ঢাকা দখলের হুমকি সহ্য করবে না বাংলাদেশের মানুষ’: রিজভী
  • গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ

    গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এসব ঘটনা ঘটেছে। নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ২৯টি শাখার কার্যক্রম। এতে ব্যাংকটির স্বাভাবিক সেবা, ঋণ বিতরণ এবং গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

    বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

    কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রামীণ ব্যাংকের অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্রসহ বিভিন্ন সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের হাতে এবং বাকি ১০ শতাংশ সরকারের। দেশের ৬৪ জেলায় ব্যাংকটির ২ হাজার ৫২৮টি শাখা, ২৬১টি এরিয়া অফিস, ৪০টি জোনাল অফিস ও ৪০টি জোনাল অডিট অফিস রয়েছে। এ ছাড়া ব্যাংকটির নিজস্ব ভবন ও স্থাপনার সংখ্যা ৬৭৭টি।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ব্যাংকটির কার্যক্রম বিস্তৃত। ব্যাংকটির ঋণস্থিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা এবং সদস্যদের আমানত প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। এ ছাড়া বিভিন্ন ব্যাংক ও সরকারি ট্রেজারি বিলে প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রয়েছে।

    বর্তমানে বোরো মৌসুমের ঋণ কার্যক্রম চললেও বন্ধ থাকা শাখাগুলোর গ্রাহকেরা এ সেবা নিতে পারছেন না। একইভাবে আসন্ন ঈদুল আজহা সামনে রেখে গরু মোটাতাজাকরণ ও পশুপালনের জন্য ঋণ নিতে গিয়েও সমস্যায় পড়তে পারেন সংশ্লিষ্ট গ্রাহকেরা।

    বাংলাদেশ ব্যাংকের আশঙ্কা, এ পরিস্থিতিতে গ্রামীণ পর্যায়ে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে গ্রামীণ ব্যাংকের ভূমিকা বাধাগ্রস্ত হতে পারে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সেবা পাওয়ার সুযোগ সংকুচিত হওয়ার ঝুঁকি রয়েছে।

    কেন্দ্রীয় ব্যাংক বলেছে, অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, আমানতকারীদের অর্থের নিরাপত্তা, ঋণপ্রবাহ সচল রাখা, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে ব্যাংক খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারণে ব্যাংকের শাখা ও কার্যালয়ে নিরাপদ পরিবেশ বজায় রাখা এবং সেবা স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখা অর্থনীতি ও জনস্বার্থের জন্য জরুরি।

    বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্থাপনায় অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে সংঘটিত ঘটনাগুলো ব্যাংকের সম্পদ, কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও বিরূপ প্রভাব ফেলতে পারে।

    ব্যাংকিং সেবা স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং প্রয়োজনীয় সহযোগিতা দেবেন বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন