সিঙ্গাপুরে বিমানবালার শ্লীলতাহানি, বাংলাদেশি তরুণের কারাদণ্ড

সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে মাতাল অবস্থায় বিমানবালার শ্লীলতাহানি এবং পরে পুলিশ সদস্যের গায়ে থুতু দেওয়ার ঘটনায় খন্দকার মো. ইয়ামিন (২৩) নামের এক বাংলাদেশি তরুণকে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। দুটি অভিযোগে দোষ স্বীকার করায় গত সোমবার তাঁকে পৃথকভাবে দুই মাস ও আট সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়।
আদালতের নথি অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর ভোর চারটার দিকে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে শ্লীলতাহানির ঘটনা ঘটে। উড়োজাহাজে ওঠার পর তিন গ্লাস ওয়াইন পান করেন ইয়ামিন। একপর্যায়ে তিনি ২৬ বছর বয়সী এক বিমানবালার নিতম্ব খামচে ধরেন। কয়েক সেকেন্ড ধরে এ ঘটনা ঘটে।
এতে বিচলিত ও ক্ষুব্ধ হয়ে ওই বিমানবালা তাঁকে স্পর্শ না করতে বলেন। তবে ইয়ামিন কোনো জবাব না দিয়ে তাঁর দিকে তাকিয়ে হাসেন। পরে বিমানবালা বিষয়টি এক সহকর্মীকে জানান। ওই সহকর্মী ইয়ামিনকে জিজ্ঞাসাবাদ করেন এবং পুলিশকে খবর দেন। সেদিন সকালে উড়োজাহাজটি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে অবতরণের পরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়।
প্রথম দফায় গ্রেপ্তারের পর ব্যক্তিগত মুচলেকায় জামিন পান ইয়ামিন। তবে জামিনে থাকা অবস্থায় গত ৭ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়ার কাছের জালান বেরসেহ এলাকায় তাঁকে আবারও মাতাল অবস্থায় পাওয়া যায়। সে সময় তিনি একটি শক্ত বস্তুর সঙ্গে হেলান দিয়ে পড়ে ছিলেন। কাঁদছিলেন এবং অসংলগ্নভাবে চিৎকার করছিলেন।
দেশটির ইংরেজি দৈনিক দ্য স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে বলা হয়, আদালতে ডেপুটি পাবলিক প্রসিকিউটর (ডিপিপি) ক্লারা লো জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়ামিনকে মদ্যপ অবস্থায় দেখতে পায়। তখন তাঁর নাক দিয়ে রক্ত ঝরছিল। জরুরি চিকিৎসাকর্মীরা তাঁর রক্তচাপ মাপার চেষ্টা করলে তিনি সহযোগিতা করেননি। একপর্যায়ে মাটিতে পড়ে এলোপাতাড়ি হাত-পা ছুড়তে থাকেন।
পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সিগারেট চেয়েও না পেয়ে তিনি আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁর পা চেপে ধরে রাখা এক পুলিশ সদস্যের গায়ে থুতু দেন।
সূত্র: দ্য স্ট্রেইট টাইমস।