৩০ পেরোলেই কি নারীর সন্তান ধারণের ক্ষমতা কমে যায়?

৩০ বছর পেরোলেই নারীর সন্তান ধারণের ক্ষমতা কমে যায়—সমাজে প্রচলিত এমন ধারণা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন। তবে চিকিৎসকদের মতে, ৩০ বছর হলেই প্রজননক্ষমতায় হঠাৎ কোনো পরিবর্তন আসে না। এ বয়সের পরও অনেক নারী স্বাভাবিকভাবে গর্ভধারণ করেন এবং সুস্থ সন্তানের জন্ম দেন। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীর প্রজননক্ষমতায় কিছু পরিবর্তন ঘটে।
ভারতের কেয়ার হসপিটালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. প্রভা আগরওয়াল এ বিষয়ে কয়েকটি প্রচলিত ভুল ধারণা তুলে ধরেছেন।
৩০-এর পর কি স্বাভাবিকভাবে গর্ভধারণ সম্ভব নয়?
এ ধারণা সঠিক নয়। অনেক নারীর ৩০ বছর পার হওয়ার পরও নিয়মিত মাসিক ও স্বাভাবিক ডিম্বস্ফোটন প্রক্রিয়া বজায় থাকে। ফলে এ বয়সেও স্বাভাবিকভাবে গর্ভধারণ সম্ভব।
তবে নারীরা জন্মগতভাবেই নির্দিষ্টসংখ্যক ডিম্বাণু নিয়ে জন্মান। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডিম্বাণুর সংখ্যা ও গুণগত মান কমতে থাকে। বিশেষ করে ৩৫ বছর পার হওয়ার পর এ পরিবর্তন আরও স্পষ্ট হয়। ফলে গর্ভধারণে আগের তুলনায় বেশি সময় লাগতে পারে।
৩০ বছর হলেই কি প্রজননক্ষমতা কমে যায়?
না। প্রজননক্ষমতা একদিনে বা নির্দিষ্ট বয়সে হঠাৎ কমে যায় না; বয়সের সঙ্গে ধীরে ধীরে পরিবর্তিত হয়। সাধারণত ৩০-এর শুরুর দিকে নারীর গর্ভধারণের সক্ষমতা ভালো থাকে। তবে ৩৫ বছরের কাছাকাছি পৌঁছালে প্রজননক্ষমতা কমার গতি বাড়তে পারে। তাই সন্তান নেওয়ার পরিকল্পনা থাকলে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে আগে থেকেই জানা জরুরি।
জীবনযাপনের অভ্যাস কি প্রজননক্ষমতায় প্রভাব ফেলে?
বয়সের পাশাপাশি দৈনন্দিন জীবনযাপনের অভ্যাসও প্রজননস্বাস্থ্যে প্রভাব ফেলে। ধূমপান, অতিরিক্ত মদ্যপান, অস্বাস্থ্যকর খাবার, শরীরচর্চার অভাব, অপর্যাপ্ত ঘুম এবং দীর্ঘদিনের মানসিক চাপ প্রজননস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
প্রজননস্বাস্থ্য ভালো রাখতে সুষম খাবার খাওয়া, নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন।
৩০-এর পর কি বন্ধ্যত্বের চিকিৎসা কাজ করে না?
এ ধারণাও ভুল। ৩০ বছর পার হওয়ার পর গর্ভধারণে সমস্যা হলে চিকিৎসকের পরামর্শে বিভিন্ন ধরনের চিকিৎসা নেওয়া সম্ভব। এর মধ্যে রয়েছে ওভুলেশন ইনডাকশন, ইনট্রা ইউটেরাইন ইনসেমিনেশন (আইইউআই) এবং ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ)।
তবে এসব চিকিৎসার সফলতা নির্ভর করে নারীর বয়স, ডিম্বাণুর গুণগত মান, পুরুষের শুক্রাণুর স্বাস্থ্য এবং উভয়ের শারীরিক অবস্থার ওপর। এ ছাড়া পিসিওএস, থাইরয়েডের সমস্যা, এন্ডোমেট্রিওসিস ও জরায়ুর ফাইব্রয়েডের মতো সমস্যাও গর্ভধারণে প্রভাব ফেলতে পারে।
কখন চিকিৎসকের পরামর্শ নেবেন
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, ৩৫ বছরের কম বয়সী নারীরা নিয়মিত চেষ্টা করার পরও ১২ মাসের মধ্যে গর্ভধারণ করতে না পারলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আর ৩৫ বছর বা তার বেশি বয়সী নারীদের ক্ষেত্রে ছয় মাস চেষ্টা করেও গর্ভধারণ না হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন।
এ ক্ষেত্রে শুধু নারীর নয়, পুরুষের প্রজননস্বাস্থ্যের বিষয়টিও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।