শিশুদের টিকা অটিজমের কারণ, এখনো বিশ্বাস করেন প্রতি ছয়জনে একজন মার্কিন

যুক্তরাষ্ট্রে এখনো প্রতি ছয়জন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন বিশ্বাস করেন, শৈশবে দেওয়া টিকা অটিজমের কারণ হতে পারে। অথচ দীর্ঘদিনের বৈজ্ঞানিক গবেষণায় এই দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। দেশটিতে পরিচালিত এক জাতীয় জরিপে টিকা ও অটিজম নিয়ে মানুষের মধ্যে এমন ভুল ধারণার পাশাপাশি হাম প্রতিরোধ ও টিকাদান সম্পর্কে জ্ঞানের ঘাটতিও উঠে এসেছে।
পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যানেনবার্গ পাবলিক পলিসি সেন্টারের (এপিপিসি) পরিচালিত জরিপে দেখা গেছে, ১৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, হাম, মাম্পস ও রুবেলার মতো রোগ প্রতিরোধে শিশুদের দেওয়া টিকা অটিজমের কারণ হয়। এ বিষয়ে ১৯ শতাংশ উত্তরদাতা নিশ্চিত নন। অন্যদিকে, ৬৪ শতাংশ উত্তরদাতা সঠিকভাবে জানিয়েছেন, টিকার সঙ্গে অটিজমের কোনো সম্পর্ক নেই।
বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে, এমএমআর (মিজলস, মাম্পস ও রুবেলা) টিকা অটিজম সৃষ্টি করে না। বৃহৎ জনগোষ্ঠীর ওপর কয়েক দশকের গবেষণা এবং একাধিক পদ্ধতিগত পর্যালোচনায় টিকা ও অটিজমের মধ্যে কোনো কারণগত সম্পর্ক পাওয়া যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা নিরাপত্তাবিষয়ক বিশেষজ্ঞরাও নিয়মিতভাবে এই বৈজ্ঞানিক অবস্থান পুনর্ব্যক্ত করে আসছেন।
জরিপে হাম রোগ ও এর প্রতিরোধ সম্পর্কে সাধারণ মানুষের জ্ঞানের ঘাটতিও স্পষ্ট হয়েছে। হাম আক্রান্ত শিশুদের মধ্যে কতজন মারা যায়—এমন প্রশ্নের উত্তরে মাত্র ৯ শতাংশ উত্তরদাতা ‘প্রতি এক হাজারে প্রায় একজন’ বিকল্পটি বেছে নেন। এটি যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) দেওয়া প্রতি এক হাজার আক্রান্ত শিশুর মধ্যে এক থেকে তিনজনের মৃত্যুর হিসাবের কাছাকাছি। তবে ৫৯ শতাংশ উত্তরদাতা এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।
শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচি সম্পর্কেও পর্যাপ্ত ধারণা নেই অনেকের। জরিপে মাত্র ৩৪ শতাংশ প্রাপ্তবয়স্ক জানেন, এমএমআর টিকার পূর্ণ ডোজ নিতে শিশুদের দুটি ডোজ প্রয়োজন। প্রায় অর্ধেক উত্তরদাতা এ বিষয়ে নিশ্চিত ছিলেন না।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের সুপারিশ অনুযায়ী, এমএমআর টিকার প্রথম ডোজ দিতে হয় শিশুর ১২ থেকে ১৫ মাস বয়সের মধ্যে। দ্বিতীয় ডোজ দেওয়া হয় ৪ থেকে ৬ বছর বয়সে। দুটি ডোজ সম্পন্ন করলে হাম প্রতিরোধে টিকাটির কার্যকারিতা প্রায় ৯৭ শতাংশ।
এমন এক সময়ে জরিপের ফল প্রকাশিত হলো, যখন যুক্তরাষ্ট্র সম্প্রতি হামের সংক্রমণ নিয়ন্ত্রণে অর্জিত আনুষ্ঠানিক নির্মূলের স্বীকৃতি হারিয়েছে। এ স্বীকৃতির অর্থ হলো, দেশে দীর্ঘ সময় ধরে স্থানীয়ভাবে সংক্রমণের ধারাবাহিক বিস্তার বন্ধ রাখা। বিদেশ থেকে বিচ্ছিন্নভাবে সংক্রমণ আসা বন্ধ হওয়া এর শর্ত নয়।
জরিপে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য নেতৃত্বের প্রতিও মানুষের আস্থার ঘাটতি দেখা গেছে। ৬১ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, স্বাস্থ্য ও মানবসেবা বিষয়ক মন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র জনস্বাস্থ্য বিষয়ে বিশ্বাসযোগ্য তথ্য দেন—এমন আস্থা তাঁদের নেই।
২০২৬ সালের ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত জরিপটি পরিচালনা করা হয়। এতে যুক্তরাষ্ট্রের ১ হাজার ২৮ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন। নমুনা নির্বাচনের ত্রুটিসীমা ছিল প্লাস বা মাইনাস ৩ দশমিক ৫ শতাংশ পয়েন্ট।
জরিপটি পরিচালনা করেছে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যানেনবার্গ পাবলিক পলিসি সেন্টার এবং এসএসআরএস।