মিসরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত অন্তত ৩০

মিসরের রাজধানী কায়রোর দক্ষিণ-পশ্চিমে গিজা প্রদেশে জ্বালানিবাহী একটি ট্যাংকার ট্রাক দুর্ঘটনার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯ জন।
বুধবার (২৫ নভেম্বর) দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কায়রোর রিং রোডের কাছে ইমবাবা এলাকার ওয়াররাক জেলার ১০ নম্বর টানেলের ওপর এ দুর্ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে তিনটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেলগাফগার দুর্ঘটনাস্থলের আশপাশের হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম তদারকি করতে তিনি নিজেও দুর্ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন।
এর আগে মিসরের পেট্রোলিয়াম মন্ত্রণালয় জানায়, ব্যক্তিমালিকানাধীন জ্বালানিবাহী ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে বিস্ফোরিত হয়।
মিসরীয় রেড ক্রিসেন্ট জানিয়েছে, আগুন নেভানো ও উদ্ধারকাজে সিভিল ডিফেন্স, অ্যাম্বুলেন্স কর্মী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করতে ঘটনাস্থল ও হাসপাতালগুলোতে জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।
মিসরের সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, কায়রোর কাছের ওই সড়কে বেশ কয়েকটি যানবাহন আগুনে পুড়ছে। পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়।
স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের সংখ্যাকে প্রাথমিক হিসাব হিসেবে উল্লেখ করেছে। কর্তৃপক্ষ পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে।