ডেঙ্গুতে এ বছর মৃত্যু ৫২৭, আক্রান্ত ছাড়াল ১ লাখ ৭৮ হাজার

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ২৬ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৭। আর মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ১৪০।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি ঢাকা বিভাগের বাসিন্দা। এ সময়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪০১ জন, চট্টগ্রামে ১৩৯ জন, খুলনা ও রাজশাহীতে ১১৮ জন করে, বরিশালে ১১৫ জন, রংপুরে ৬৩ জন, ময়মনসিংহে ৪৩ জন এবং সিলেটে ছয়জন রয়েছেন।
ঢাকা মহানগরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ১২০ জন এবং বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ৩৪ জন চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর ঢাকা মহানগরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৮৯১ জন। মারা গেছেন ২৩৩ জন। বর্তমানে মহানগরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৭৭ জন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১ লাখ ৭২ হাজার ৭৫২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ হাজার ৮৬১ জন।