‘ঢাকা দখলের হুমকি সহ্য করবে না বাংলাদেশের মানুষ’: রিজভী

ভারতের একজন মন্ত্রী ১৬ ডিসেম্বর ঢাকা দখলের কথা বলেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এর প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্বের এক ইঞ্চি মাটিতেও কেউ হস্তক্ষেপ করতে পারবে না।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের নেতাদের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশের মন্ত্রী পর্যায়ের একজন ব্যক্তি ঢাকা দখলের কথা বলছেন। কোনো সাধারণ কর্মী এমন বক্তব্য দিলে বিষয়টি ভিন্নভাবে দেখার সুযোগ থাকত। কিন্তু একজন মন্ত্রীর কাছ থেকে এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয়। তিনি এর তীব্র নিন্দা জানান।
বিএনপির এই নেতা বলেন, ‘আমরা সেই জাতি, যার ৩০ লাখ মানুষ অকাতরে জীবন দিয়েছেন, দুই লাখ মা-বোন নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীন পতাকা ও ভূখণ্ড পেয়েছি। আর সেখানে ভারতের একজন মন্ত্রী বললেন, ১৬ ডিসেম্বর তিনি ঢাকা দখল করবেন। আমাদের দেশের জনগণ কি আমলকী চুষতে থাকবে? আমাদের সার্বভৌমত্বের এক ইঞ্চি মাটিতেও কেউ হস্তক্ষেপ করতে পারবে না। কোনো শক্তি এখানে দখল নিতে পারবে না।’
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিজভী অভিযোগ করেন, ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে পার্শ্ববর্তী দেশে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। তাঁর দাবি, বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে এর প্রমাণ পাওয়া যাচ্ছে।
রিজভী বলেন, ‘সেখান থেকে নির্দেশ পেয়ে দেশে থাকা আওয়ামী লীগের অবশিষ্ট অংশ বাড়িঘর, দোকানপাট, ব্যাংক-বিমা পোড়াচ্ছে, হাসপাতালে হামলা করছে এবং বিএনপির নেতাকর্মীদের হত্যা করছে।’ আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতিমধ্যে বিএনপির তিনজনকে হত্যা করেছে বলেও দাবি করেন তিনি।
এ পরিস্থিতির মধ্যেও তারেক রহমান গণতান্ত্রিক রীতিনীতি মেনে দেশ পরিচালনা করছেন বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, ১৭ বছর ধরে গুম-খুনের রাষ্ট্রীয় চর্চা থেকে বেরিয়ে এসে তারেক রহমান গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনেছেন। সেই পরিস্থিতিকে কলঙ্কিত করার জন্য নানা চেষ্টা চলছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, ফ্যাসিবাদী শক্তি সহিংসতার পথ বেছে নিলেও সরকার পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অতিরিক্ত বা নির্মমভাবে ব্যবহার করছে না। বরং সরকার সহনশীল অবস্থান থেকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে এবং প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও আমানউল্লাহ আমান, চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী ও আব্দুস সালাম আজাদ, ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মিলটন ও সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।